মঙ্গলের ভূপৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে চীনের ঝুরং
সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণের এক সপ্তাহ পর মঙ্গলের ভূপৃষ্ঠে ঘুরে বেড়ানো শুরু করেছে চীনের মঙ্গলযান তিয়ানওয়েন-১ এর রোভার 'ঝুরং’। শনিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে রোভারটি লালগ্রহে ঘুরে বেড়াচ্ছে ও অনুসন্ধান শুরু করেছে। খবর এনগ্যাজেট।
রোভারটির তোলা একাধিক স্থির ছবি থেকে বোঝা যাচ্ছে এটি অবতরণস্থল ইউটোপিয়া প্লানিটিয়া অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এটি তার হাই-রেজ্যুলেশনের ক্যামেরা ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে মঙ্গলের মাটি এবং পরিবেশের উপর পর্যবেক্ষণ চালাবে। এছাড়া সেখানে পানি কিংবা বরফের অস্তিত্ব আছে কিনা সেটিও পরীক্ষা করবে।
ঝুরং প্রায় তিনমাস মঙ্গলের ভূপৃষ্ঠে ঘুরে বেড়াবে। সৌরবিদ্যুৎ চালিত রোভারটির মাধ্যমে মঙ্গলের অনেক অজানা তথ্য জানা যাবে বলে মনে করছেন চীনের মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তারা।
উল্লেখ্য, মঙ্গলের ভূপৃষ্ঠে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সক্রিয় রোবট চলাফেলা করতে পেরেছে। অবশ্য সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশযান সেখানে পৌঁছানোর পরই সেটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিবিটেক/বিএমটি